আমিরুলদের বাড়ি ফ্ল্যাটের ঘোষণা আসেনি

Printed Edition
khela-2
আমিরুলদের বাড়ি ফ্ল্যাটের ঘোষণা আসেনি

ক্রীড়া প্রতিবেদক

বাড়ি কিংবা ফ্ল্যাট কোনো বড় ধরনের রাষ্ট্রীয় ঘোষণা এখনো আসেনি। অথচ সদ্যসমাপ্ত জুনিয়র বিশ্বকাপ হকিতে সামিন-আমিরুল-রকিদের নেতৃত্বে বাংলাদেশ দল যে পারফরম্যান্স উপহার দিয়েছে, তা নিঃসন্দেহে দেশের হকির ইতিহাসে অনন্য। বিশ্বমঞ্চে সাহসী লড়াই, ধারাবাহিক উন্নতি আর শৃঙ্খলাবদ্ধ খেলায় প্রশংসা কুড়িয়েছে তরুণরা। এর ধারাবাহিকতায় চ্যালেঞ্জার কাপে শক্তিশালী অস্ট্রিয়াকে হারিয়ে ট্রফি জয়ের মধ্য দিয়ে সাফল্যের মুকুটে যোগ হয়েছে নতুন পালক।

এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতি হিসেবে খেলোয়াড় ও কোচিং স্টাফদের আর্থিক সম্মানী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। গতকাল বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাঁটির শাহিন দ্বীপে বিশ্বকাপ থেকে ফেরা যুব দল এবং অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জজয়ী নারী দলকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উভয় দলকে ক্রেস্ট দেয়া হয়। একই সাথে আর্থিক পুরস্কারের ঘোষণাও দেন বাহফে সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আর্থিক পুরস্কার প্রসঙ্গে বাহফে সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, ‘সভাপতি মহোদয় ফেডারেশনের পক্ষ থেকে ৪০ লাখ টাকা এবং ব্যক্তিগতভাবে আরো ২০ লাখ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ব্রোঞ্জজয়ী নারী দলকে ১০ লাখ টাকা পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ পুরস্কারের সর্বাধিক অংশ পাবেন খেলোয়াড়রা। কোচিং স্টাফ ও সংশ্লিষ্টরা তুলনামূলক কম পাবেন।’

এ দিকে ডাচ কোচ আইকম্যানের সাথে ফেডারেশনের চুক্তির মেয়াদ শেষ। এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি অত্যন্ত উচ্চমানের কোচ। তাকে ধরে রাখতে হলে প্রতি মাসে কয়েক হাজার ইউরো প্রয়োজন। সরকার থেকে এই অর্থের সংস্থান হলে অবশ্যই তাকে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।’

বিশ্বকাপে ১৮ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাংলাদেশের আমিরুল। এটি দেশের হকির জন্য বড় গর্বের বিষয়। তার ওপর চ্যালেঞ্জার ট্রফি জয়ের মাধ্যমে দল প্রমাণ করেছে, বাংলাদেশ হকি এখন আর শুধু অংশগ্রহণকারী নয়, প্রতিযোগিতায় শিরোপার দাবিদারও। এতসব সাফল্যের পরও সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা রাষ্ট্রীয় সংবর্ধনা পায়নি হকি দল। অবশ্য যেদিন দল দেশে ফিরেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেদিনই পদত্যাগ করেন। বর্তমানে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে আছেন আসিফ নজরুল। হকি পরিবার এখন তাকিয়ে তার দিকে। অনেক খেলোয়াড় আশায় আছেন মাথা গুঁজার একটা ব্যবস্থা হবে।