স্বাস্থ্যে গবেষণা দক্ষতা বৃদ্ধিতে ২ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা: মো: আবদুল মান্নানের নেতৃত্বে স্বাস্থ্যসেবায় গবেষণা তৎপরতা আরো কার্যকর করতে আয়োজিত হলো দুই দিনব্যাপী ‘ডাটা অ্যানালাইসিস ও গবেষণা প্রকাশনা দক্ষতা বৃদ্ধির সক্ষমতা উন্নয়ন কর্মশালা’। ৭ ও ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের নিওনেটোলজি ট্রেনিং রুমে অনুষ্ঠিত কর্মশালায় দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২৫ জন স্বাস্থ্য পেশাজীবী অংশ নেন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও সেবার মান উন্নয়নে গবেষণা অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ স্বাস্থ্যসেবা কর্মীদের গবেষণায় আগ্রহ, দক্ষতা ও মাতৃ-নবজাতক ও শিশুস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
অংশগ্রহণকারীরা এসেছেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (BMU), ঢাকা মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, মুগদা মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, কমিউনিটি বেইজড মেডিক্যাল কলেজ হাসপাতাল-ময়মনসিংহ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব চাইল্ড অ্যান্ড মাদার হেলথ, নরসিংদী জেলা হাসপাতাল এবং ডা: এম আর খান শিশু হাসপাতাল অ্যান্ড আইসিএইচ থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ডা: মো: আবদুল কালাম আজাদ, বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সভাপতি প্রফেসর ডা: লায়লা আনজুমান বানু, বাংলাদেশ নিওনেটাল ফোরামের সেক্রেটারি জেনারেল প্রফেসর মো: মজিবুর রহমান, কোষাধ্যক্ষ ডা: এম এ রউফ এবং ফোরামের সাবেক সেক্রেটারি জেনারেল প্রফেসর সঞ্জয় কুমার দে। অতিথিরা নবীন গবেষকদের আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক লেখালেখি ও গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
আইসিডিডিআর’বির মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের ১২ জন বৈজ্ঞানিক কর্মকর্তা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে ডাটা বিশ্লেষণ, বৈজ্ঞানিক লেখালেখি, রেফারেন্স ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার কৌশল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির নিওনেটোলজি বিভাগ, বাংলাদেশ নিওনেটাল ফোরাম, বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি এবং আইসিডিডিআর’বি। কর্মশালার অর্থায়ন করেছে আইসিডিডিআর’বির সংশ্লিষ্ট প্রকল্প। বিজ্ঞপ্তি।