আগডুম বাগডুম কবিতা গুলি
Printed Edition
বৃষ্টি এলো
শাহানাজ শিউলী
বৃষ্টি এলো গাছের পাতায় গায়ের সবুজ মাঠে
বৃষ্টি এলো হাওড়-বাওড় পুকুর-নদীর ঘাটে
বৃষ্টি এলো বন-বাদাড়ে টিনের ঘরের চালে
বৃষ্টি এলো শাপলা, বেলি, কদম ফুলের ডালে।
বৃষ্টি এলো তৃষ্ণা- হারী চাতক পাখির ঠোঁটে
বৃষ্টি এলো রুক্ষ মাটির ফাটল বুকের কোঠে
বৃষ্টি এলো কিষাণ ভাইয়ের লাঙ্গল চষা ভূঁইয়ে
বৃষ্টি এলো মন রাঙানো প্রেম কাব্য ছুঁয়ে।
বৃষ্টি এলো, রাখাল ছেলের মাথার কলার পাতায়
বৃষ্টি এলো মাঝির নায়ে ছইয়ে ঢাকা ছাতায়
বৃষ্টি এলো বিলের জলে খলশে পুঁটি রুইয়ে
বৃষ্টি এলো ইলিশ মাছের রুপালি রঙ ধুইয়ে।
বৃষ্টি এলো মেঘের ডাকে ব্যাঙের আকুল সুরে
বৃষ্টি এলো গরিব দুঃখীর ভাঙ্গা বেড়ার পুরে।
বৃষ্টি এলো ঝুমুরঝুমুর
সোমা মুৎসুদ্দী
বৃষ্টি এলো ঝুমুরঝুমুর উদাস নূপুর তালে
বৃষ্টি এলো দূরের মাঠে নয়তো বিলে খালে
বৃষ্টি এলো মাতাল হাওয়ায় কাঁপছে দূরের বন
তারই সাথে ছন্দ তালে নাচছে খুকির মন।
অল্প কথায় গল্প হবে দাদীর সাথে আজ
বৃষ্টি ভেজা সবুজ পাতা খুলছে লাজুক সাজ
বৃষ্টি ছড়ায় মনটা নাচে কদম ফুলের হাসি
শৈশবেরই রঙিন স্মৃতি আজও ভালোবাসি।
টুপুরটাপুর বৃষ্টি ফোঁটা কচু পাতায় জল
তারই সাথে মেঘ বালিকা নাচছে ছলাৎছল
উঠোনজুড়ে জমলো পানি বর্ষা কাঁদায় ভিজে
ছোট্ট খোকার মুখে হাসি আনন্দ সুখ কী যে !
মেঘলা আকাশ ঝমঝমিয়ে বৃষ্টি ধারা আসে
সবুজ শ্যামল বাংলাকে সে অনেক ভালোবাসে।
কদম ফুল
হাফিয রেদওয়ান
কদম ফুল কদম ফুল
ডালে ডালে দুলদুল।
মেঘের রানি বিষ্টি টোপায়
কানে পরে দুল
কদম ফুল;
কদম ফুল কদম ফুল
গাছে নাচে বুলবুল।
কদম ফুল কদম ফুল
বিষ্টি পেলে তুলতুল।
বিষ্টি রানি গুঁজে খোঁপায়
বিষ্টি মাখা ফুল
কদম ফুল;
কদম ফুল কদম ফুল
সুবাস পেয়ে মশগুল।
ব্যাংকের কেরানী
রফিক হাসান
ব্যাংকের কেরানী টাকা গুনে রাতদিন
ট্যাংকের পানি দেখি ঘোলা থাকে সাতদিন
গ্রীষ্মের বৃষ্টিতে চান করে অফিসে
দৃশ্যের সৃষ্টিতে পান করে কফি সে
জুতা মোজা প্যান্ট শার্ট পটু বাবুগিরিতে
ছুতা পেলে ছুটি নিয়ে থাকে নীলগিরিতে
চটপট কথা বলে কাবু প্রেম পিরিতে
ঝটপট কাজ করে দেরি করে ফিরিতে
পেশা তার বাধা হয় জনগণে মিলিতে
নেশা তার ছুটে যায় পান দুই খিলিতে
টাই পরে ভয় পায় ভাত মাছ গিলিতে
ভাই থাকে কানাডায় ছোট বোন চিলিতে
কেশ ঝেড়ে বসে গিয়ে শিমবিচি ছিলিতে
দেশ ছেড়ে যেতে গিয়ে ধরা পড়ে হিলিতে।
মেঘের নূপুর
শুকনো পাতার নৌকো ভাসে পুকুরে
কোথায় গেলি দেখ না এসে খুকুরে!
পুবাল হাওয়া বইছে কেমন দুপুরে
রিনিঝিনি বাজবে মেঘের নূপুরে।
আকাশ থেকে ঝরবে মিষ্টি পানি রে
বিজলি মেয়ের নৃত্য হবে জানি রে
সূর্য মামা টানবে ঘোমটা-খানি রে
মেঘের জলে ভিজবে খুকুর নানি রে!