সরকারি স্কুলে ভর্তিতে সাত গুণ বেশি আবেদন
১১ ডিসেম্বর ডিজিটাল লটারির ড্র
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
এবারো স্কুলে লটারিতে ভর্তিতে সরকারি স্কুলেই বেশি আবেদন পড়েছে। বেসরকারে স্কুলে যেখানে মোট আসনের চেয়ে কম আবেদন জমা হয়েছে সেখানে সরকারি স্কুলে সিটের ৭ গুণ বেশি আবেদন জমা পড়েছে। গতকাল সরকারি বেসরকারি স্কুলের সিটের ও আবেদনের এসব তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচচ শিক্ষা অধিদফতর (মাউশি)। সূত্র জানায়, দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীতে ২০২৬ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তির আবেদন গত ৫ ডিসেম্বর শেষ হয়েছে। মোট ১১ লাখ ৯৪ হাজার ৫১৩ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১০ লাখ ৫৬ হাজার ৫৪টি। এর মধ্যে সরকারিতেই ৭ লাখ ১৯ হাজার ৮৫৪টি আবেদন পড়েছে। এই আবেদন শেষ হয় গত ৫ ডিসেম্বর বিকেল ৫টায়।
তথ্যমতে, এবার সরকারি-বেসরকারি সাত হাজার ৫০১টি বিদ্যালয়ে মোট আসন আছে ১১ লাখ ৯৩ হাজার ৫১৩টি। জানা যায়, ৭২১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক লাখ ২১ হাজার ৫৯৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন সাত লাখ ১৯ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী এবং ছয় হাজার ৭৮০টি বেসরকারি বিদ্যালয়ে রয়েছে মোট ১০ লাখ ৭২ হাজার ৯১৭টি আসন। এর বিপরীতে আবেদন করেছেন তিন লাখ ৩৬ হাজার ১৯৬ জন শিক্ষার্থী। মোট ১৫ দিনে সরকারি ও বেসরকারি স্কুলে আবেদন করেছেন ১০ লাখ ৫৬ হাজার ৫৪ শিক্ষার্থী।
গত ২১ নভেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি আবেদন শুরু হয়। আগামী ১১ ডিসেম্বর একটি ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে। এ বছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। আবেদনের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো আবেদনকারী অসদুপায় অবলম্বন করে একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।