ফেনীতে ভারতীয় ওষুধসহ যুবদল নেতার ভাই গ্রেফতার

Printed Edition

ফেনী অফিস

ফেনী শহরের হাসপাতাল মোড় সংলগ্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ভারতীয় ওষুধসহ শাহআলম ও কামরুল ইসলাম নামে দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। শাহআলম জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক বেলাল হোসেনের ভাই ও শহরের ফলেশ^র এলাকার বাসিন্দা।

গতকাল সোমবার দুপুরে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রোববার দুপুরে ফেনী-ছাগলনাইয়া হোমের ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের বিপরীতে মহিউদ্দিন সুমনের রান্নাঘর রেস্টুরেন্টের সামনে সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা থামানোর সঙ্কেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে শাহ আলম (৫০) ও ছাগলনাইয়ার পৌর শহরের বাসিন্দা কামরুল ইসলামকে (৩২) গ্রেফতার করা হয়।

পরবর্তীতে রেজিস্ট্রেশন-বিহীন সিএনজি অটোরিকশায় কৌশলে রক্ষিত অবস্থায় বিপুল পরিমাণে ভারতীয় শুল্কবিহীন ওষুধসহ সিএনজিটি জব্দ করা হয়। ভারতীয় শুল্কবিহীন ওষুধদের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

এ ছাড়া একই দিন শহরের মহিপালে স্টার লাইন বাস কাউন্টারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুই লাখ টাকা মূল্যের ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত গাঁজা, শুল্কবিহীন ভারতীয় ওষুধ ও সিএনজি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।