আল্লাহর আনুগত্য করলে মানুষ পূর্ণ স্বাধীনতা ভোগ করবে : এ টি এম আজহার

Printed Edition
3rd-4
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুরের বদরগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এ টি এম আজহারুল ইসলাম এমপি : নয়া দিগন্ত

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বাংলাদেশের মানুষ যদি পরিপূর্ণ ভাবে আল্লাহর আনুগত্য করে তাহলে তারা পূর্ণ স্বাধীনতার স্বাদ ভোগ করবে। স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর ২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এ কথা বলেন। বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায়।

তিনি আরো বলেন, শেখ মুজিব যে আকাক্সক্ষা নিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন ৫৫ বছরেও আমরা স্বাধীনতার সেই সুফল ভোগ করতে পারি নাই। এর দ্বারাই প্রমাণিত মানুষের তৈরি আইন দিয়ে মানুষের কল্যাণ হতে পারে না।

আজহার বলেন, ৫৫ বছরেও আমরা ৩০ লাখ শহীদের আর তিন লাখ সম্ভ্রমহারা মা বোনের সঠিক তালিকা করতে পারিনি, এটা আমাদের জন্য লজ্জার। অথচ স্বাধীনতার পর বেশি সময় স্বাধীনতার পক্ষের শক্তি দাবিদার দলটিই দেশের শাসন ব্যবস্থায় ছিল ।

এটি এম আজহারুল ইসলাম বলেন, ২৪-এর আন্দোলন যদি না হতো তাহলে আজকের এই সংসদ হতো না, আমরা সংসদ সদস্য হতে পারতাম না। যে সব রাজনৈতিক নেতা বিদেশে পালিয়েছিল তারা দেশে আসতে পারত না, এমপি, মন্ত্রী হতে পারত না। অথচ আজ তারাই জুলাইকে অস্বীকার করছে। তিনি বলেন, ২৪-এর জুলাইয়ের চেতনা বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আমির কামরুজ্জামান কবির, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, নায়েবে আমির শাহ মুহাম্মদ রোস্তম আলী, পৌর আমির মাওলানা মাহফুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।