নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে : মান্না

Printed Edition
3rd-6
কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে কথা বলেন মাহমুদুর রহমান মান্না : নয়া দিগন্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭-৮ তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে। তারপর শোনা গেল ১১ তারিখ তফসিল ঘোষণা হবে। এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা বলবেন না, আমরা দেখছি। আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে। তিনি বলেন, এই দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনিও এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুক। তার স্বাস্থ্য বিষয়ে সবার মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। সেই কারণে নির্বাচন অবস্থার কোনো পরিবর্তন হয় কি না এটা আমাদের মনের মধ্যে আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে।

তিনি আরো বলেন, পনের বছরের লড়াইয়ে আমাদের সাথে বিএনপিসহ অন্যান্য দল ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তাদের সাথে আলাপ আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারো সাথে নির্বাচনী সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না। মাহমুদুর রহমান মান্না গতকাল রোববার বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় দলের সাধারণ সম্পাদক শহিদুল্লা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালামসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জেলা শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয় স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন তিনি।