গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর-৬ আসন বিলুপ্তির ফলে পুনর্গঠিত গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির বর্তমান মনোনয়ন পুনর্বিবেচনার জোরালো দাবি উঠেছে। ভোটার বাস্তবতা, ভৌগোলিক ভারসাম্য ও নির্বাচনী সক্ষমতার যুক্তিতে মনোনয়ন পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়ে সোমবার সকালে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছে মনোনয়নবঞ্চিতরা।
সম্মেলনে আপিল বিভাগের রায়ে সদ্য বাতিল হওয়া গাজীপুর-৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন গাজীপুর-২ আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। এ সময় তাকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন জানানো হয়। তিনি বলেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে গাজীপুর-৬ আসন বাতিল হয়ে পূর্বের গাজীপুর-২ আসনে ফিরে আসায় এ আসনের রাজনৈতিক ও নির্বাচনী বাস্তবতায় মৌলিক পরিবর্তন এসেছে। বর্তমানে গাজীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় আট লাখ, যা এটিকে দেশের অন্যতম বৃহৎ ও চ্যালেঞ্জিং আসনে পরিণত করেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সম্ভাব্য প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুল হক গোলাপ ও আক্তারুজ্জামান, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য প্রার্থী জসিম উদ্দিন ভাট, বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, যুবদল নেতা সৌমিক সরকারসহ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।