৪ জেলায় ৬ জন নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় দেশের চার জেলায় ছয়জন নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি জানান, পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

মঙ্গলবার সকালে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজার রহমান জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্র্যাভেলস পাবনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। তাদের মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়।

ওসি মুস্তাফিজার রহমান বলেন, তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত দু’জনের মধ্যে একজন শাহজাদপুর ট্র্যাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গন্ডগোহালী গ্রামের নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিমতলা বাজার এলাকায় শ্যালো মেশিনচালিত মুরগিবোঝাই একটি নছিমনের সাথে বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় নছিমন চালকসহ আরো তিনজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে আরো জানা যায়, সাধনপুর থেকে পুঠিয়াগামী একটি মুরগিবোঝাই নছিমনের সাথে পুঠিয়া থেকে তাহেরপুরগামী বালুবোঝাই ড্রাম ট্রাকের (রেজিস্ট্রেশন নম্বর : কুষ্টিয়া ট–১১-০২১৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের ওপর থাকা শ্রমিক নাইম (২০), হামিম (২৫) এবং চালক মো: সোহেল (৩৮) রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক নাইম ও হামিমকে মৃত ঘোষণা করেন। নিহত দু’জনই রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার বাসিন্দা।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শিথিল বিশ্বাস সেতু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়া এলাকার বাসিন্দা। সেতু গোয়ালন্দ বাজারের সেতু জুয়েলার্সের মালিক কমল বিশ্বাসের ছেলে।

সোমবার বিকেলে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের পাশে সাবেক পৌর মেয়র নজরুল মণ্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হলে সেতু সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকায় নেয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকায় অটোরিকশার ধাক্কায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রজপাড়া সিক্স লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কুদ্দুস হাওলাদার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দা। তিনি এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রজপাড়া সিক্স লাইন এলাকায় রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে মঙ্গলবার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।