এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে গতকাল সারা দেশে অনুপস্থিত ছিলেন মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে সাতজনকে। বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। সূত্র মতে ৯টি শিক্ষা বোর্ডে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় আট লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচজন বহিষ্কৃত হন যশোর থেকে ২, কুমিল্লা এক, দিনাজপুর এক ও ময়মনসিংহ একজন।
অন্য দিকে মাদরাসা বোর্ডে আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন, অনুপস্থিত চার হাজার ৪৭৮ জন। বহিষ্কার করা হয় একজনকে। আর কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৬০৩ জন, অনুপস্থিত ছিল তিন হাজার ৭৩ জন। বহিষ্কৃত হয়েছে একজন পরীক্ষার্থী।
বাংলা প্রথম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের তিন হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে দুই হাজার ২৪৯৭, কুমিল্লা বোর্ডের এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডের এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ ও ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আলিমের কুরআন মাজিদ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন চার হাজার ৪৭৮ জন। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন তিন হাজার ৭৩ জন।
চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ১১৪টি কেন্দ্রে মোট এক হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কড়া নজরদারির কারণে প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো শিক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এবার বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মোট পরীক্ষার্থী ছিল ৭৩ হাজার ৮৬৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭২ হাজার ৫২৩ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের দেয়া তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক পরীক্ষার্থী ও অনুপস্থিতির সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়নি চট্টগ্রাম জেলায়। অন্য দিকে সবচেয়ে কম অনুপস্থিতি ছিল খাগড়াছড়িতে। চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৭৩৪ জন, যার মধ্যে অনুপস্থিত ছিল ৯৬৪ জন। কক্সবাজারে মোট ৯ হাজার ১২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২০৯ জন। রাঙামাটিতে চার হাজার ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দেয়নি ৮৫ জন। বান্দরবানে দুই হাজার ৬৩২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭৫ জন। খাগড়াছড়িতে মোট পরীক্ষার্থী ছিল ৩৫৩ জন, যার মধ্যে অনুপস্থিত ছিল সাতজন।