ওসমানীনগরে চুরির গরু দিয়ে ইফতার আয়োজন, ৭০ হাজার টাকায় মীমাংসা

Printed Edition

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের ওসমানীনগরে চুরির গরু জবাই করে এক প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ইফতার পার্টির আয়োজনের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে সালিসের মাধ্যমে গরুর মালিককে ৭০ হাজার টাকা প্রদান করে বিষয়টি আপসে নিষ্পত্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ রমজান বিকেলে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন মাদরাসার পূর্বের মাঠ থেকে একই গ্রামের নাজমুল ইসলামের একটি ষাঁড় গরু চুরি হয়। অভিযোগ রয়েছে, পাশের বাড়ির কেয়ারটেকার সাঈদি নাজমুলকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন স্থানে গরুর খোঁজে পাঠান। ওই রাতেই যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা মধু মিয়ার বাড়িতে কসাই ডেকে গরুটি জবাই করা হয় এবং সারা রাত রান্নার পর ছয় রমজান বিকেলে সহস্রাধিক মানুষের জন্য ইফতার পরিবেশন করা হয়।

ইফতার অনুষ্ঠানে দাওয়াত পেয়ে উপস্থিত হন গরুর মালিক নাজমুল ইসলাম। সেখানে জবাইকৃত গরুর দড়ি দেখে সন্দেহ হলে বিষয়টি স্থানীয়দের জানান। পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিশ্চিত হন যে চুরি হওয়া গরুই জবাই করা হয়েছে। আট রমজান রাতে গ্রাম্য সালিসে নাজমুল ইসলামকে ৭০ হাজার টাকা প্রদান করা হয়। একই সাথে কেয়ারটেকার সাঈদিকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলে জানা গেছে।

গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, ‘আমার গরু চুরি হওয়ার পর আমাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়। ইফতারে গিয়ে দড়ি দেখে নিশ্চিত হই। পরে সালিসে ক্ষতিপূরণ পেয়েছি।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে মধু মিয়ার পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী বলেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়েছে। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তারা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির আরো কয়েকটি ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।