অভিনেতা অপূর্বর একক সঙ্গীত সন্ধ্যা
Printed Edition
বিনোদন প্রতিবেদক
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি শখের বসে গানও করে থাকেন। এবার তিনি নিউইয়র্কে একক কনসার্টে গান পরিবেশন করবেন।
নিজের পছন্দের শিল্পীদের শ্রোতানন্দিত বেশ কিছু গান নিজেই গাইবেন অপূর্ব। ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’ শিরোনামের কনসার্টটি ৮ আগস্ট দুই ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে। টিকেটের মূল্য থাকছে ১০০ ডলার এবং ভিআইপি ৩০০ ডলার। অনুষ্ঠানটি আয়োজন করেছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট। একক সঙ্গীত প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব যুক্তরাষ্ট্র থেকে বলেছেন, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের। বিভিন্ন সময় বন্ধুদের আড্ডায় গান গেয়েছি। অনেক ঘরোয়া আয়োজনেও গান গাইতে হয়েছে। আমার অভিনীত বেশ কয়েকটি নাটকে আমার কণ্ঠে গান রয়েছে। আমেরিকার এই আয়োজনে পরিপূর্ণ সম্মান দিয়ে আমাকে গান গাওয়ার সুযোগ দেয়া হয়েছে। এখানে আমার পছন্দের শিল্পীদের গানগুলো গাওয়ার চেষ্টা করব। মাঝে হয়তো নিজের গাওয়া নাটকের একটি গানও গাইব। তার ভাষ্য, যারা এই একক কনসার্টের আয়োজন করেছে, তারা আগামীতে অন্য শিল্পীদেরও প্রাপ্য সম্মান দিয়ে গান গাওয়াবে বলে বিশ্বাস করি। দারুণ একটা আয়োজনে আমাকে গান গাওয়ার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ। আমার পরে যারা এখানে গান করবেন, তাদের জন্যও এটা ভালো কিছু হবে বলে আশা করছি। আপাতত যে গানগুলো করব, সেগুলো নিয়ে প্র্যাকটিস করছি।