হৃদরোগের চিকিৎসা যেন দেশেই হয়, সে জন্য কাজ করছে সরকার : স্বাস্থ্য উপদেষ্টা
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
চীন সরকারের সহযোগিতায় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ৩৯টি সিসিইউ বেড ও ১০ বেডের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার সংযোজন করা হয়েছে। সেই সাথে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেবে চীনের বিশেষজ্ঞ দল।
হৃদরোগের চিকিৎসায় যেন দেশের বাইরে যেতে না হয় সেজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
গতকাল মঙ্গলবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ-চীন যৌথ কার্ডিওভাস্কুলার ডিজিস হাসপাতাল, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে এমনটা জানান তিনি।
সকালে হৃদরোগে উন্নত মানের সেবা বৃদ্ধির লক্ষ্যে এসব ইউনিটের উদ্বোধন করেন তিনি। এ সময় হাসপাতালটির অন্যান্য কার্যক্রমও পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা। পরে যোগ দেন একটি আলোচনা সভায়।
উপদেষ্টা নূরজাহান বেগম দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শ্রী ইয়াও ওয়েন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেসের পরিচালক ও অধ্যাপক ডা: আব্দুল ওয়াদুদ চৌধুরী।
এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. মা জুয়োক্সিন (উপ-মহাপরিচালক, পররাষ্ট্র বিষয়ক দফতর, ইউনান প্রাদেশিক সরকার) ও মিস শি জিনইয়াং (উপ-পরিচালক, ফুয়াই ইউনান হাসপাতাল, চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেস)।