শিবচরের সড়কে অবৈধ ড্রাম ট্রাকের দাপট, ঝুঁকিতে জনজীবন
Printed Edition
আহসান হাবীব শিবচর (মাদারীপুর)
মাদারীপুরের শিবচর উপজেলার সড়কগুলোতে বালুবাহী অবৈধ ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। অতিরিক্ত ভার বহনকারী এসব ট্রাকের চাপে উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভার সড়কগুলোতে ফাটল ও বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে গভীর রাত পর্যন্ত শত শত ড্রাম ট্রাক উপজেলার বিভিন্ন সড়কে চলাচল করে। বেপরোয়া গতিতে চলা এসব যানবাহনের কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি ধুলাবালি ও শব্দদূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচরে প্রায় ৪০০ অবৈধ ড্রাম ট্রাক চলাচল করে। অধিকাংশ ট্রাকে ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন বা বৈধ নম্বরপ্লেট নেই। অনেক চালকের প্রয়োজনীয় লাইসেন্সও নেই। খোলা ট্রাকে অতিরিক্ত বালু বহনের কারণে সড়কের ক্ষয়ক্ষতি যেমন বাড়ছে, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় ড্রাম ট্রাকের দীর্ঘ সারির কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে। এলাকাবাসীর দাবি, প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন হওয়ায় অবৈধ ড্রাম ট্রাকের বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযান চালানো হলেও তা স্থায়ী ফল দিচ্ছে না।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, অবৈধ ড্রাম ট্রাকের বিরুদ্ধে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। এসব যানবাহনের চলাচলে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে এবং দিনের বেলায় বালুবাহী ড্রাম ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার উদ্যোগ নেয়া হয়েছিল। শিগগিরই আবারো আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।