চুয়াডাঙ্গায় মৌমাছির আক্রমণে প্রাণ গেল ভ্যানচালকের

Printed Edition

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৌমাছির আক্রমণে আনিছুর রহমান (৪৪) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার জয়রামপুর শেখপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান দামুড়হুদা উপজেলা শহরের বাজারপাড়া এলাকার বাসিন্দা এবং আবু গাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। পথে জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মৌমাছির ঝাক তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।