নৈতিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : ড. হামিদুর রহমান

Printed Edition
3rd-1
ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

রমজানের পবিত্রতাকে কাজে লাগিয়ে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিষবৃক্ষ উপড়ে ফেলে নৈতিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রোজা পালন আল্লাহ ফরজ করেছেন মানুষের জীবন থেকে সব পাপ ও পঙ্কিলতা দূর করার জন্য। কিন্তু সমাজে এক শ্রেণীর লোক চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা, ধর্ষণ ও ঘুষের কারবারে লিপ্ত রয়েছে, যা মূলত ‘মানব শয়তানদের’ দাপটের কারণেই ঘটছে। গতকাল ‘যাকাত ও মাহে রমাদানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এ কথা বলেন।

গতকাল শুক্রবার রাজধানীর রায়সাহেব বাজারের একটি রেস্তরাঁয় ঢাকা-৬ সংসদীয় আসন ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় রমজানের পরিশুদ্ধতার আলোকে অন্যায়, দুর্নীতি ও ধর্ষণের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের আহ্বান জানান তিনি। ড. হামিদ আযাদ হাদিসের উদ্ধৃতি দিয়ে সতর্ক করে বলেন, তাদের নাক ধুলোয় মিশে যাক, যারা রমজান মাস পেল অথচ নিজেদের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। যারা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারবে না, তাদের রোজার প্রকৃত উদ্দেশ্য হাসিল হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর মুহাম্মদ আব্দুল মান্নান বলেন, জাকাত কেবল ধর্মীয় আচার নয়, এটি কেবল একটি রাজনৈতিক আলোচনা নয়, এটি অর্থনৈতিক মুক্তির সনদ।

মো: কামরুল আহসান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে ঢাকা-৬ সংসদীয় আসনের অন্তর্গত বিভিন্ন পর্যায়ের নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।