সমঝোতা হলে বৃহত্তর জোটে যাবে বাংলাদেশ খেলাফত মজলিস : মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
Printed Edition
Mamunul haque r
মাওলানা মামুনুল হক | সংগৃহীত

আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিয়েছে জানিয়ে দলটির আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছে, আমরা ইসলাম ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী পদক্ষেপ নেব। প্রয়োজনে ৩০০ আসনেই রিকশা প্রতীকে নির্বাচন করব। আবার যদি বৃহত্তর জোট বা নির্বাচনী সমঝোতার মাধ্যমে ইসলাম ও দেশের স্বার্থ অধিকতর রক্ষা হয় সেদিকেও দল পদক্ষেপ নিতে প্রস্তুত। পিআর সিস্টেম সম্পর্কে খেলাফত মজলিসের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা আংশিক পিআর সিস্টেম চাই। বর্তমান ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না। তাই ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নির্বাচনে আংশিক পিআর সিস্টেম নি¤œকক্ষে ও পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে চালু করা প্রয়োজন।

গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আকরাম আলী, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আলী উসমান, মাওলানা মহিউদ্দিন রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাওলানা মামুনুল হক ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, রাজপথে গড়ে ওঠা ঐতিহাসিক ঐক্যকে নস্যাৎ করা যাবে না। বর্তমানে যে রাজনৈতিক সমন্বয়ের ধারা চলছে যেখানে কেউ কাউকে উৎখাত করছে না, দমন করছে না এটা যেন বজায় থাকে। কেউ যদি আওয়ামী লীগীয় ঐতিহ্যে ফিরে গিয়ে দমন-উৎখাতের রাজনীতি করে, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় ঐক্যের ডাক দেবে এবং সক্রিয় ভূমিকা পালন করবে। বাংলাদেশের ভেতর থেকেই বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে বাংলাদেশ পরিচালিত হবে এটা নিশ্চিত করতে হবে। কোনো বিদেশী এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র যেন আর ফিরে না আসে, সে বিষয়ে আমাদের ভূমিকা অব্যাহত থাকবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, নির্বাচনী কাঠামোর যেসব বিষয় এখনো অমীমাংসিত, তা দ্রুত জাতির সামনে স্পষ্ট করতে হবে। সংসদের দ্বিকক্ষীয় কাঠামোর বিষয়ে ঐকমত্য থাকলেও, উচ্চ কক্ষ ও নি¤œ কক্ষ কিভাবে গঠিত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত প্রয়োজন। বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বাস করে, দেশের স্বার্থে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল থাকা প্রয়োজন। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহ্যগতভাবে ইসলামী ঐক্যকামী শক্তি। প্রতিষ্ঠার পরপরই দল বৃহত্তর ইসলামী জোট গঠন করেছিল। আজো আমরা সেই ঐতিহ্য ধারণ করি। স্থানীয় নির্বাচনও হতে হবে জাতীয় রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে।

এ দিকে একই মিলনায়তনে গতকাল সম্ভাব্য প্রার্থীদের পরিচিতি ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে রিকশা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী তিন শতাধিক সম্ভাব্য প্রার্থী অংশ নেন। কেন্দ্রীয় নেতারা তাদের নির্বাচন, রাজনীতি ও দলীয় আদর্শ সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিষয়সমূহ