সৌদিতে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে বাংলাদেশী যুবকের মৃত্যু

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

সৌদি আরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোবাহান খাঁ মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউসুফ খাঁর ছেলে। সোবাহানের পরিবার মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। সংসারে পাঁচ ছেলেমেয়ে ও স্ত্রী রয়েছে সোবাহানের। গত ১১ এপ্রিল মৃত্যু হলেও রোববার রাতে খবর পায় পরিবার।

স্বজন ও এলাকাবাসী জানায়, ধারদেনা করে ডাসার উপজেলার দালাল নান্নু হাজির মাধ্যমে প্রায় ছয় লাখ টাকা খরচ করে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরব পাড়ি জমান সোবাহান। এরপর গত ৭ এপ্রিল সৌদির রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ২৯ বছর বয়সী এ যুবক। কাজ চলাকালীন অসাবধানবশত নির্মাণাধীন লিফটের মধ্যে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে মারা যান সোবাহান। গত ১১ এপ্রিল মৃত্যু হলেও রোববার রাতে খবর পায় পরিবার। নিহত সোবাহানের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।