ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হেলমেট ও মাস্ক পরে ঝটিকা মিছিল করেছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ার জোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

এরই মধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়- প্রায় ৪৩ সেকেন্ডের মিছিলটিতে ছয়জন অংশ নেন। তাদের মধ্যে চারজন হেলমেট ও মাস্ক পরিহিত ছিলেন। বাকি দুজনের মুখ খোলা ছিল। মিছিল থেকে তারা ‘আমির হোসেন আমুসহ সকল বন্দীর নিঃশর্ত মুক্তি চাই’, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগের নলছিটি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আকাশ দাশ ও মো: শরিফুল ইসলাম শরিফ।

এদিকে, মিছিলের একটি ভিডিও আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজ ও শরিফুল ইসলামের আইডিতে প্রকাশ করা হয়েছে। সেখানে এটিকে ‘নলছিটি পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল’ উল্লেখ করে নেতৃত্বদানকারী হিসেবে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের নাম উল্লেখ করা হয়।

আগামী ১৫ আগস্টকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠনের এ ধরনের প্রকাশ্য তৎপরতা নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান সোহাগ বলেন, চোরাগোপ্তাভাবে নির্জন এলাকার মিছিলের একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।