ফুটবলের পাশে নারায়ণগঞ্জ চেম্বার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ফুটবলে উজ্জ্বল নাম নারায়ণগঞ্জ জেলার। ঢাকার পাশের এই জেলা থেকে সিনিয়র ও জুনিয়র লেভেলে অসংখ্য ফুটবলার জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। আশরাফ উদ্দিন চুন্নু, মোনেম মুন্না, গোলাম গাউস, সম্্রাট হোসেন এমিলি, মোহাম্মদ সুজন, কাজী নজরুল ইসলাম, ওয়ালী ফয়সাল, মেহেদী হাসান তপু, আবুল হোসেন আর হাল আমলের তপু বর্মন সবই এই জেলার। তবে এই জেলায় লম্বা সময় ধরেই লিগ বন্ধ। মাঠগুলোর কোনোটি দখল হয়ে গেছে, কোনোটি খেলার উপযোগী নয়। এখন এই নারায়ণগঞ্জের ফুটবলকে আবার জাগ্রত করতে চায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজ। কাজ করতে চায় তৃণমূল ফুটবলে। এর প্রথম অংশ হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন মাঠকে ফুটবল উপযোগী করবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এরপর সেই মাঠ উন্নয়ন এবং সেখানে টেকনিক্যাল সার্পোট দেবে বাফুফে। এই মর্মে গতকাল বাফুফের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাফুফে ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স।

বাফুফে ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি ও সংসদ সদস্য মিজানুর রহমান ভূঁইয়া দিপু জানান, ‘আমরা আবার নারায়ণগঞ্জের ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। চাই আগের মতো ব্যাপকভাবে এই জেলার ফুটবলাররা জাতীয় দলে প্রতিনিধিত্ব করুক। তাই প্রথমে মাঠগুলোকে খেলার উপযোগী করা হবে। এরপর আমরা জেলা ফুটবল লিগ শুরু করে তা নিয়মিত করার চেষ্টা করব।’ বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, এই প্রথম কোনো চেম্বার অব কমার্স ইন্ডস্ট্রিজের সাথে বাফুফে এম ওইউ করতে যাচ্ছে। তারা আমাদের মাঠ দেবে। আর আমরা টেকনিক্যাল সমর্থন দেবো।