লালমোহনে সড়ক নির্মাণে অনিয়ম
দীর্ঘ দিন বন্ধ থাকার পর কাজ শুরু করলেও জানে না কর্তৃপক্ষ
Printed Edition
লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহন উপজেলার ডা: আজাহার উদ্দিন রোড থেকে ধলীগৌরনগরের চতলা বাজার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে প্রায় দেড় বছর আগে। কাজটি শেষ করার কথা ছিল গত জুন মাসে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ শুরু করে যথাসময়ে কাজ শেষ না করে দীর্ঘদিন অদৃশ্য হয়ে যায়। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হঠাৎ রোলার নিয়ে এসে পুরাতন যৎসামান্য ইট ও মাটির ওপর রোলার দিয়ে ফিনিশিং করে ওই মাটির মধ্যেই পিচের কাজ শুরু করে। কাজ শুরু করলেও নেই অফিসের কর্তব্যরত এসও। নতুন করে ইট ও খোয়া না দেয়ায় স্থানীয়দের মাঝে এখন ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় আ: রহিম মিস্ত্রি, মো: ছিদ্দিক, মো: ফিরোজ, মো: মাকসুদ, মো: শাহাবুদ্দিন মাস্টার, মো: মনির ম্যানেজারসহ স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা ঠিকাদারকে রাস্তায় ইট ও খোয়া দেয়ার জন্য বললে সে কোন কথা না শুনে মাটির মধ্যেই পিচ দিয়ে রাস্তার সংস্কার কাজ শুরু করে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এলাকাবাসী আরো জানান, এ কাজের শুরু থেকে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের গড়িমসি ও ধীরগতির জন্য স্থানীয় বাসিন্দারা, যানবাহন চালক পথচারী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে লালমোহন উপজেলা এলজিইডির ইঞ্জিনিয়ার রাজিব সাহাকে বলা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, সড়কটি ২০২৪-২০২৫ অর্থবছরের জিওবি মেইনটেন্যান্সের আওতায় ৮৫০ মিটার সড়ক সংস্কার কাজে ৫১ লাখ ৯৪ হাজার ৯৩৫ টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্পের কাজ গত জুন মাসে শেষ হওয়ার কথা। কিন্তু ঠিকাদার যথাসময়ে কাজটি শেষ না করে চলে যান।
এ ব্যাপারে লালমোহন উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মো: রাসেলের কাছে জানতে চাইলে তিনি জানান, ঠিকাদারের সাথে কাজটি শেষ করার জন্য আমরা মোবাইলে যোগাযোগ করেছি; কিন্তু ঠিকাদার আমাদের অফিসের সাথে যোগাযোগ না করেই কাজ শুরু করেছেন।
এ ব্যাপারে ঠিকাদার মাকসুদুর রহমান জানান, আমি নিজেও একজন সাংবাদিক। আমার কোনো বক্তব্য নেই। এ ব্যাপারে অফিসের সাথে কথা বলেন। আমার কাজের কোনো গ্যাপিং নেই, ল্যাফিং নেই।