বেপজা ইজেডে চীনা কোম্পানির ১০.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগে চুক্তি

Printed Edition
artho-3
বেপজা ইজেডে চীনা কোম্পানির ১০.৩২ মিলিয়ন ডলার বিনিয়োগে চুক্তি

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি তৈরী পোশাক কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে চুক্তি স্বাক্ষর করেছে চীনা মালিকানাধীন উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড। গতকাল মঙ্গলবার ঢাকার বেপজা কমপ্লেক্সে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি মোট ১০.৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। এই বিনিয়োগের মাধ্যমে প্রায় তিন হাজার ১৫৮ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করবে। বার্ষিক উৎপাদন সক্ষমতার মধ্যে রয়েছে ১.৫৬ মিলিয়ন পিস টপস, টি-শার্ট, ট্রাউজার ও শর্টস এবং ৪.০১ মিলিয়ন পিস জ্যাকেট, প্যান্ট ও শর্টস।

বেপজার পক্ষ থেকে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো: আশরাফুল কবীর এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষে মহাব্যবস্থাপক মি. লি কিংকি চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। তিনি উইং তাই গার্মেন্টসকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য স্বাগত জানান এবং বেপজার পক্ষ থেকে ব্যবসাবান্ধব পরিবেশ, নিরবচ্ছিন্ন সহযোগিতা ও দ্রুত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো: খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মো: ফজলুল হক মজুমদার, উইং তাই গার্মেন্টসের কোম্পানি অ্যাডভাইজর এ জেড এম আজিজুর রহমান এবং বেপজা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।