সরকারের আহ্বানেও সাড়া নেই

প্রাথমিকে কমপ্লিট শাটডাউন অব্যাহত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সরকারের আহ্বান উপেক্ষা করে তিন দফা দাবি বাস্তবায়নে চাপ বাড়াতে আন্দোলনে অনড় রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘তালাবদ্ধ’ রাখার কর্মসূচি অব্যাহত রয়েছে। এ দিকে আন্দোলন আহ্বানকারী শোকজ পাওয়া ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ আহ্বায়ক খায়রুন নাহার লিপি গতকাল জানিয়েছেন আমাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রয়েছে। দাবি বাস্তবায়নে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কর্মসূচি থেকে সরে আসার কোনো সুযোগ নেই আমাদের।

গতকালও বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল জরুরি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের অবিলম্বে পরীক্ষায় ফেরার চূড়ান্ত নির্দেশ দিয়েছে। সেই সাথে কর্মবিরতি বা শাটডাউন অব্যাহত থাকলে সরকারি চাকরি আইন, আচরণবিধি ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেয়ার সতর্কবার্তাও দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় ১১তম গ্রেড প্রদান; ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি উঠেছে।

এসব বিষয়ে প্রয়োজনীয় চিঠি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পর বেতন স্কেল উন্নীতকরণের বিষয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু মন্ত্রণালয়ের দাবি সত্ত্বেও শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, বাস্তবে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি নেই।

জানা গেছে, গতকাল শিক্ষকরা নিজ নিজ উপজেলা বা থানা সহকারী শিক্ষা কর্মকর্তার (এটিইও) কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন। তবে ঢাকাসহ কিছু বিভাগীয় শহরে সীমিত আকারে পরীক্ষা নেয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি বলেন, ‘শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে শাটডাউন পালন করছেন। দাবি পূরণ না হলে কর্মসূচি চলবে।’.