খুলনার নবনির্মিত কর ভবন উদ্বোধন
Printed Edition
খুলনা ব্যুরো
খুলনার নবনির্মিত কর ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান। উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, জেলা পরিষদ খুলনার প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব।
কর ভবন প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৯ সালের ১ জুলাই ও সম্পন্ন হয় গত বছরের ৩১ ডিসেম্বর নির্মাণে মোট ব্যয় হয়েছে ৬৫ কোটি ৫৪ লাখ টাকা। ১০তলাবিশিষ্ট কর ভবনটির মোট আয়তন এক লাখ ৩০ হাজার ৭২২ বর্গফুট। ওই ভবনে কর অঞ্চল-খুলনা, কর আপিল অঞ্চল-খুলনা, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের রেঞ্জ ও সার্কেল অফিস এবং আপিলেট ট্রাইব্যুনালের খুলনা বেঞ্চ অফিস রয়েছে। কর ভবন প্রকল্পের আওতায় দু’টি লিফট, ৩০০ কেভিএ জেনারেটর, ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন, ১০০ টন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, সোলার সিস্টেম, কম্পাউন্ড ড্রেনেজ সিস্টেম, পাম্প হাউজ, ভূগর্ভস্থ জলাধার, সীমানা প্রাচীর এবং ভবনের চারপাশে অভ্যন্তরীণ সড়ক নির্মাণ করা হয়েছে।