অর্ধ-ডজন নাটকের কাজ শেষ করলেন সীমা
Printed Edition
বিনোদন প্রতিবেদক
এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী সোহানা শারমিন সীমা। সাধারণত নাটকে তাকে চ্যালেঞ্জিং চরিত্রগুলোতেই অভিনয় করতে দেখা যায়। এরই মধ্যে তিনি টানা বেশ কয়েক দিন শ্রীমঙ্গলে থেকে অর্ধ-ডজন অর্থাৎ- ছয়টি নাটকের কাজ শেষ করে এসেছেন। নাটকগুলো হচ্ছে- সাইফ আহমেদের রচনা ও পরিচালনায় ‘সুইট হানিমুন’, আলমগীর সাগরের রচনা ও পরিচালনায় ‘কুলাঙ্গার’, মঈন খান রূপীর রচনা ও পরিচালনায় ‘লেডি বাইকার’ ও ‘মায়ার সংসার’, এস আই সোহেলের রচনা ও পরিচালনায় ‘বেওয়ারিশ’ ও ফিরোজ কবির ডলালের রচনা ও পরিচালনায় ‘এক টুকরো মায়া’। সোহানা শারমিন সীমা জানান প্রত্যেকটি নাটকেই তিনি বেশ চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। যেহেতু শ্রীমঙ্গলে শুটিং হয়েছে তাই দু’টি নাটকের গল্পে চা-বাগানের জীবন কাহিনী উঠে এসেছে। আর বাকি চারটি নাটকের গল্প ভিন্ন ঘরানার গল্প। সোহানা শারমিন সীমা বলেন, ‘এক সাথে পরপর ছয়টি নাটকে কাজ করা একজন শিল্পীর জন্য সত্যিই অনেক অনেক ভালো লাগার এবং চ্যালেঞ্জিংও বটে। কারণ এক চরিত্র থেকে আরেক চরিত্রে প্রবেশ করতে একজন শিল্পীর সময় লাগে। কিন্তু যেহেতু টানা কাজ করেছি, তাই এক চরিত্র থেকে আরেক চরিত্রে প্রবেশ করাটা একটু কঠিনই ছিল। তারপরও একজন শিল্পী হিসেবে এই চ্যালেঞ্জ নিতেই যেহেতু আমি ভালোবাসি, তাই কাজগুলো বেশ ভালোবাসা নিয়েই করার চেষ্টা করেছি এবং প্রত্যেক পরিচালকই আমার অভিনয়ে ভীষণ সন্তুষ্ট। আশা করছি নাটকগুলো প্রচারে এলে দর্শকের ভীষণ ভালো লাগবে।’ সোহানা শারমিন সীমা ২০০৭ সাল থেকে টিভি নাটক ও মঞ্চে অভিনয় করছেন। নাট্যদল নাট্যচক্রের হয়ে তিনি অভিনয় করেছেন ‘ভদ্দরনোক’সহ বেশ কয়েকটি নাটকে। টিভি নাটকে তাকে অভিনয়ে দেখা গেছে ফাল্গুনী হামিদ, অনিমেষ আইচ, সকাল আহমেদ, অরণ্য আনোয়ার, অঞ্জন আইচ, মাতিয়া বানু শুকু, মহিন খানসহ আরো অনেকের নাটকে।