গজারিয়ায় ঘোড়া জবাই চক্রের ৪ জন গ্রেফতার
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় অসুস্থ ও বয়স্ক ঘোড়া জবাই করে তা গরুর গোশত হিসেবে বিক্রির অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জবাইকৃত ঘোড়ার গোশত উদ্ধার করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো: মিনহাজুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন রশিদ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও গজারিয়া থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল সকালে গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় কিছু ব্যক্তি রুগ্ণ ও বয়স্ক ঘোড়া জবাই করছে- এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করে প্রাণিসম্পদ বিভাগের হেফাজতে দেয়া হয়। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ সুপার মো: মিনহাজুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: ফিরোজ কবিরের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গজারিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গাজীপুরের টঙ্গী পূর্ব ও বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- রুবেল (৩৯), সৌরভ (২১), সোহেল গাজী (২১) ও ইয়াছিন আরাফাত (২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে যমুনার চরাঞ্চল থেকে অসুস্থ ও বয়স্ক ঘোড়া সংগ্রহ করে জবাই করত।