বিএনপি সতর্ক না হলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে : তারেক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না জানিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আগামী নির্বাচন সহজ হবে না। বিএনপি যদি সতর্ক না হয়, তাহলে দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান আরো বলেন, ‘সামনের নির্বাচন সহজ নয়, অনেকেই আগে এ কথা হেসে খেলে উড়িয় দিয়েছেন। আজ তারা তা অনুধাবন করতে পারছেন।’
দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দলের সব নেতাকর্মীকে জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনরায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা দলীয় হলেও তা দেশের মানুষের জন্য। নেতাকর্মীদের এই পরিকল্পনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির নেতাকর্মীরা যদি মানুষের কাছে না যান, তাহলে অন্য দলগুলো মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে।
তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনরায় আনতে হলে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।