সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্যের আত্মসমর্পণ

Printed Edition

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

সুন্দরবনের কথিত ডাকাত দল ‘বড় জাহাঙ্গীর বাহিনীর’ তিন সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। এ সময় তাদের কাছ থেকে অপহৃত এক জেলেকে উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিসসংলগ্ন কলামুলি খাল এলাকায় কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন ওই তিনজন ডাকাত। তাদের কাছ থেকে দু’টি দেশীয় একনলা বন্দুক, একটি পাইপগান, ৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ওয়াকিটকি জব্দ করা হয়। একই সময় তাদের হেফাজতে থাকা এক জেলেকেও উদ্ধার করে কোস্ট গার্ড।

আত্মসমর্পণকারী ব্যক্তিরা হলেনÑ বাগেরহাটের মোংলা উপজেলার আলামিন হোসেন (৪০), সাতীরার তালা উপজেলার তৈবুর রহমান (২৪) এবং খুলনার কয়রা উপজেলার মনিরুজ্জামান ওরফে মামুন (২০)।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে বনদস্যু দমনে পরিচালিত বিশেষ অভিযানের ধারাবাহিকতায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৪৯টি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের গোলাবারুদ ও দু’টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এ সময় ৪২ জন কথিত বনদস্যুকে আটক এবং তাদের হেফাজত থেকে ৪১ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এর আগে ছোট সুমন বাহিনীর সাত সদস্যও অস্ত্রসহ আত্মসমর্পণ করেন।

কোস্ট গার্ড জানিয়েছে, আত্মসমর্পণকারী তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পুনর্বাসনসংক্রান্ত প্রক্রিয়া এবং উদ্ধার হওয়া জেলেকে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।