স্মরণসভায় বিজিএমইএ সভাপতি

কর্মগুণে মানুষের মাঝে বেঁচে থাকবেন আহসানুল হক শামীম

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, বিজিএমইএ’র সাথে সম্পৃক্ত হওয়ার পর চট্টগ্রামে তিনি অল্প কয়েকজন মানুষকে চিনতেন, তাদের মধ্যে সৈয়দ আহসানুল হক শামীম অন্যতম। চট্টগ্রামে কোনো সমস্যা হলে শামীম সব সময় পাশে থাকতেন। পোশাক শিল্পের জন্য তিনি অনেক কাজ করে গেছেন এবং কর্মের গুণেই তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

সোমবার বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বিউমন্ড গার্মেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মরহুম সৈয়দ আহসানুল হক শামীমের রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামস্থ বিজিএমইএ ভবনের মাহবুব আলী হলে এই স্মরণসভার আয়োজন করে চট্টগ্রাম অঞ্চল।

বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের স্ট্যান্ডিং কমিটি অন রিলিজিয়াস অ্যাফেয়ার্সের চেয়ারম্যান শফিকুল ইসলামের (টিটু) কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরিচালক মো: সাইফ উল্লাহ মনসুরের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সাবেক প্রথম সহ-সভাপতি আবদুস সালাম ও এস এম আবু তৈয়ব সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনি, মজুমদার আরিফুর রহমান, এমডিএম মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, সাবেক পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, আশিক ভূঁইয়া এবং মরহুমের বড় ছেলে সৈয়দ আছির হক।

উপস্থিত ছিলেন পরিচালকরা সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, রাকিবুল আলম চৌধুরী, সাবেক সহ-সভাপতিবৃন্দ মোহাম্মদ ফেরদৌস, এ এম চৌধুরী সেলিম, সাবেক পরিচালকবৃন্দ, স্ট্যান্ডিং কমিটি অন রিলিজিয়াস অ্যাফেয়ার্সের কো-চেয়ারম্যান ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।