সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশী ৬ শান্তিরক্ষী নিহত, আহত ৮

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ সুদানে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদানের আবেই এলাকায় জাতিসঙ্ঘের ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী সেনাসদস্যসহ আটজন। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত সন্ত্রাসীদের সাথে যুদ্ধ চলার কথা জানা গেছে।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন- সৈনিক শামীম, মোমিন, সিপিএল মাসুদ, সৈনিক শান্ত, জাহাঙ্গীর ও ধুপি সবুজ। আহত আটজন হলেন- সৈনিক মেজবা, উম্মে হানি, চুমকি, ইতি, মহিবুল, সার্জেন্ট মোস্তাকিম, সৈনিক মানাজির ও লেফটেন্যান্ট কর্নেল খালাকুজ্জামান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসঙ্ঘের ভবনে হামলা হয়েছে। এই হামলায় ছয়জন নিহত হয়েছেন।

এই হামলার নিন্দা জানিয়েছে সুদানের সরকার। সরকারের এক বিবৃতিতে এ হামলার জন্য সরকারবিরোধী আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে, ড্রোন দিয়ে জাতিসঙ্ঘের ওই ভবনে হামলা চালানো হয়েছে।

প্রধান উপদেষ্টার শোক : সুদানের আবেই এলাকায় জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

গত রাতে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

শোক বিবৃতিতে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ছয়জন বীর শান্তিরক্ষীর শাহাদতবরণ এবং আরো আটজনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। জাতিসঙ্ঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত; বীরদের এই আত্মত্যাগ এক দিকে জাতির গৌরব, অন্য দিকে গভীর বেদনার। তিনি নিহত শান্তিরক্ষীদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য এরইমধ্যে জাতিসঙ্ঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে।

বিবৃতিতে তিনি এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরো জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিহত শান্তিরক্ষীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসঙ্ঘের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।