সংরক্ষিত নারী আসনের নির্বাচন
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল মনিরা শারমিনের আজ শুনানি
Printed Edition
বিশেষ সংবাদদাতা
মনোনয়নপত্র বাতিল হওয়ার পর নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিন। এ আপিলের শুনানি হবে আজ সোমবার সকালে। রোববার বিকেলে রাজধানীর আগারগঁাঁওয়ের নির্বাচন কমিশনে এ আপিল আবেদন জমা দেন মনিরা শারমিন।
আপিল আবেদন জমা দিয়ে মনিরা শারমিন সাংবাদিকদের বলেন, আমার মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে আমি আপিল করেছি। সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির জন্য সময় দিয়েছে। তিনি বলেন, যে আইন উল্লেখ করে আমার মনোনয়ন বাতিল করা হলো, সেটি একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। এর বিরুদ্ধেই মূলত আমার আইনি লড়াইটি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যে কারণে আইনটি করা হয়েছিল, সে জায়গা থেকে সরে আইনটি সংরক্ষিত নারী আসনের উদ্দেশ্যকে ব্যাহত করছে। কারণ, একজন এন্ট্রি লেভেলের ব্যাংক কর্মকর্তা যার চাকরির বয়স দুই বছর, তার পক্ষে কাউকে সুবিধা প্রদানের মতো প্রশাসনিক কোনো দায়িত্বে আমি ছিলাম না।
উল্লেখ্য, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ায় কারণে গত ২৩ এপ্রিল ইসিতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন। এর আগে গত ২২ এপ্রিল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।