মুলাদীতে সেতুর উদ্বোধনী দিনে ভাঙচুর অনুষ্ঠান পণ্ড

Printed Edition

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত সংযোগ সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ভাঙচুরের কারণে পণ্ড হয়ে গেছে। শনিবার দুপুর ১২টায় কাচিরচর সাহেবেরচর দাখিল মাদরাসা প্রাঙ্গণে “৩৬ জুলাই সেতু” নামে সেতুটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, রাজধানীর সাথে মুলাদীর যোগাযোগব্যবস্থা উন্নয়নের ২০১৪ সালের ২৫ জানুয়ারি তৎকালীন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমদাদুল হক সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘ ১১ বছর পর ২০২৫ সালে নির্মাণকাজ শেষ হয়। প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় নির্মিত ৪৩২ মিটার দীর্ঘ এ সেতুর উদ্বোধন করার কথা ছিল পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ও স্থানীয় সরকার বিভাগের সচিবদের।

স্থানীয়রা জানান, ভিত্তিপ্রস্তরের সময় যে নামে সেতুটির নামকরণ করা হয়েছিল, তা পরিবর্তন করে উদ্বোধনের দিন ‘৩৬ জুলাই সেতু’ নাম দেয়ায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ ছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপনকারীকে আমন্ত্রণ না জানানো এবং সেতু নির্মাণে যাদের জমি নেয়া হয়েছে তাদের ক্ষতিপূরণ না দেয়ায় ক্ষোভ চরমে পৌঁছে। ফলে অনুষ্ঠান শুরুর আগেই মঞ্চ, চেয়ার-টেবিল, নামফলক ও লাল গালিচা ভাঙচুর করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সরওয়ার, থানার ওসি শফিকুল ইসলাম ও উপজেলা ইঞ্জিনিয়ার জিয়াউল আহসানসহ আমন্ত্রিত অতিথিরা।