চট্টগ্রামে মির্জা ফখরুলের ওপর হামলা

দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ আদালতের

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে দীর্ঘসূত্রতার কারণে তদন্ত কর্মকর্তাকে দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক সায়মা আফরীন হীমা মামলার তদন্ত অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আদালত মামলার দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত চার্জশিট দাখিলের জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে তাগাদা দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে রাঙ্গামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় গাড়ির গ্লাস ভেঙে যায় এবং মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আরো ছয় নেতা আহত হন। হামলায় বহরের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

ঘটনার পর ত্রাণ কর্মসূচি বাতিল করে বিএনপির নেতারা চট্টগ্রাম শহরে ফিরে এসে প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বাদি হয়ে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করেন।

মামলার বাদি অ্যাডভোকেট এনামুল হক জানান, হামলার ঘটনার পর সে সময় কেউ মামলা করার সাহস পাননি। ঘটনার দুই দিন পর তিনি নিজেই বাদি হয়ে মামলা করেন। তবে তখন পুলিশ অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে প্রতিবেদন দাখিল করলে মামলাটি খারিজ হয়ে যায়।

পরবর্তী সময়ে ২০২৪ সালের ২ অক্টোবর রিভিশন মামলার শুনানি শেষে আদালত খারিজ আদেশ বাতিল করে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। পুনঃতদন্তের পরও দীর্ঘ সময় ধরে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় এবার আদালত দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন।