সাশ্রয়ী দামে ফোরজি স্মার্টফোন আনল গ্রামীণফোন ও প্রোটন
Printed Edition
প্রযুক্তি ডেস্ক
দেশের বাজারে যৌথভাবে ফোরজি স্মার্টফোন এনেছে মোবাইল সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও প্রোটন। ‘প্রোটন জেট ফোরজি’ মডেলের ফোনটিতে বিল্ট ইন মাইজিপি অ্যাপ রয়েছে। এ ছাড়া ক্লাউডচ্যাট অ্যাপের মাধ্যমে সহজেই ভিডিও কল করা যায় ফোনটিতে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোন এর প্রধান কার্যালয় ‘জিপি হাউজ’-এ আয়োজিত এক অনুষ্ঠানে কো-ব্র্যান্ডেড ফোনটি উদ্বোধন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী। প্রোটন জেট ফোর-জি কিনলে গ্রামীণফোনের গ্রাহকরা বিনামূল্যে এক গিগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। এ ছাড়া ছয় মাস পর্যন্ত প্রতিদিন একবার করে ২৪ টাকায় সাত দিনের জন্য দুই গিগাবাইট ইন্টারনেট কেনারও সুযোগ পাবেন তারা।
ইয়াসির আজমান বলেন, ‘জিপি কো-ব্র্যান্ডেড প্রোটন জেট ফোর-জি ক্লাউড ফোনের মাধ্যমে আমরা কোটি মানুষের জন্য ফোর-জি ইন্টারনেটকে আরো সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলছি। ডিজিটাল বৈষম্য দূর এবং আজকের সংযুক্ত বিশ্বে মানুষের ক্ষমতায়নের লক্ষ্যে তাদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা দিতে এ উদ্যোগ আমাদের অঙ্গীকারের প্রতিফলন। এই ফোনের মাধ্যমে আমরা প্রথমবারের মতো ডিজিটাল জগতে প্রবেশকারীদের জন্য নতুন দ্বার উন্মোচন করছি, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত হয়ে এর সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন।’