কক্সবাজারে এলপিজি স্টেশনে বিস্ফোরণে আহতদের দেখতে চমেক হাসপাতালে জামায়াতে ইসলামীর নেতারা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল শুক্রবার দুপুরে তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের জন্য দোয়া ও মুনাজাত করেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমানের (এমপি) নির্দেশনায় তারা আহতদের আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

জামায়াত আমির আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে সালাম জানান এবং পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

নেতারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।

প্রসঙ্গত : গত বুধবার রাত ১০টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ফিলিং স্টেশন-সংলগ্ন অন্তত ১০টি বসতবাড়ি এবং পর্যটক পরিবহনে ব্যবহৃত ২০ থেকে ২৫টি জিপ (চাঁদের গাড়ি) পুড়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।