জুনে বাংলাদেশে আসছে অসিরা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
আগামী জুনে বাংলাদেশ সফরে সাদা বলের সিরিজের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বছরের শুরুতে যে সূচি দিয়েছিল, তাতে সামান্য পরিবর্তন হয়েছে। ৫ জুন সিরিজ শুরুর কথা থাকলেও সেটি শুরু হবে ৯ জুন।
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সর্বশেষ ২০১১ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে সফরে এসে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। তখন বাংলাদেশের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। তার আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের দলও হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল।
এবার অবশ্য তিনটি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-২০ ম্যাচও খেলবে সফরকারী দল। প্রাথমিক সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল ৫ জুন। সংশোধিত সূচিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অন্যদিকে, তিন ম্যাচের টি-২০ সিরিজ হবে ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
সর্বশেষ ২০২১ সালে টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার ৪-১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে, আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ায় এটি বাংলাদেশের প্রথম টেস্ট সফর।