অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

Printed Edition
khela-2
নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করার পর মিকেল ওয়ারজাবাল (২১) : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোতে উঠার লড়াইয়ে ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলল স্পেন। সেই ঝড় সামলাতে রীতিমতো ব্যস্ত ছিল অস্ট্রিয়ার রক্ষণ। আর সেই ধারা শেষ পর্যন্ত বজায় রেখে লা রোজারা নিশ্চিত করল পরের রাউন্ড। মিকেল ওয়ারজাবালের জোড়া ও পেদ্রো পেরোর গোলে অনায়াসে ৩-০ ব্যবধানে জয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে পরের ধাপে পা রাখল লুইস দে লা ফুয়েন্তের দল।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে গতকাল স্পেনের প্রথম গোলের পর বাকিটা সময় লড়াই আরো একপেশে হয়ে পড়ে। এক মুহূর্তের জন্যও ফল নিয়ে কোনো অনিশ্চয়তা জাগাতে পারেনি ৭২ বছর পর বিশ্বকাপের নকআউটে ওঠা অস্ট্রিয়া। প্রায় ৬৫ শতাংশ বল দখলে রেখে গোলের ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রেখে জয় নিশ্চিত হয় স্পেনের। অপরদিকে পাঁচ প্রচেষ্টার একটিও লক্ষ্যে ছিল না অস্ট্রিয়ার।

ম্যাচের প্রথম মিনিটেই বাঁ পাশ দিয়ে দারুণ ক্ষিপ্রতায় ছুটে ডি-বক্সের মুখে গিয়ে শট নিলেন লামিন ইয়ামাল। যদিও তার দুর্বল শট আটকাতে একটুও বেগ পেতে হলো না গোলরক্ষককে। একের পর এক আক্রমণের ঝড় তুলে ম্যাচের ৩৬ মিনিটে প্রথম জালের দেখা পায় ২০১০ সালের চ্যাম্পিয়নরা। বাঁ দিক থেকে কুকুরেয়ার পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় দুর্দান্ত প্লেসিং শটে বল জালে পাঠান অভিজ্ঞ ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল। ৪৩ মিনিটে দুই গোলের লিড নেয়ার সুযোগ ছিল স্পেনের। তবে অ্যালেক্স বায়ানার চমৎকার বাঁকানো ফ্রি কিক ঝাঁপিয়ে অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লেগার কোনোমতে আঙুল ছোয়ালে ক্রসবার কাঁপিয়ে ফিরলে ফিরতি বলে ইয়ামালের শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক। প্রথমার্ধে ওই ১ গোলে এগিয়েই বিরতিতে যায় স্পেন।

প্রথমার্ধে কেবল দু’টি লক্ষ্যভ্রষ্ট শট নিতে পারা অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধেও স্পেনের আক্রমণে ঘর সামলাতে ব্যস্ত সময় কাটাতে হয় দলটিকে। এরই ফাঁকে ৬৬ মিনিটে আরেকটি দারুণ পাসিং ফুটবলে শাণানো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। কুকুরেয়ার পাস ডি-বক্সে বাঁ দিকে পেয়ে ছয় গজ বক্সের বাইরে ক্রস বাড়ান অ্যালেক্স বায়েনা, ফাঁকায় বল পেয়ে জোরালো হেডে গোলটি করেন পেদ্রো পেরো। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সব অনিশ্চয়তার ইতি টেনে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি পেয়ে যান ওয়ারজাবাল। কুকুরেয়ার অ্যাসিস্টের নিখুঁত প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন রিয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড। চার দশকে স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে জোড়া গোল করলেন ওয়ারজাবাল। এর আগে সর্বশেষ ১৯৮৬ বিশ্বকাপের শেষ ষোলোয় ডেনমার্কের বিপক্ষে ৫-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন এমিলিও বুত্রাগুয়েনোর।

চলতি বিশ্বকাপ শুরুর পর সময়ের সাথে যেন দলটির সবার মধ্যে বোঝাপড়া আরো ভালো হচ্ছে, তাতে আরো ধারাল হয়ে উঠছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের সামনে ২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।