রাষ্ট্রপতির কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে।
এ সময় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্র-বাংলাদশে সম্পর্ক আরো গভীর ও সম্প্রসারিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন। সেই সাথে কূটনৈতিক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ক্রিস্টেনসেন বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে, দুই দেশের মানুষের উপকার হয় এমন অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে এবং আমাদের দুই দেশের সার্বভৌমত্বকে সম্মান ও শক্তিশালী করতে একসাথে কাজ করেছি। এ কাজ চালিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরো দৃঢ় করতে আমি আগ্রহী।