২০২৫ সালে মসজিদে নববীতে কুরআনের হাফেজ হয়েছেন ৮,৩৩৫ শিক্ষার্থী
Printed Edition
দ্য ইসলামিক ইনফরমেশন
মসজিদে নববীতে ২০২৫ সালে কুরআন হিফজ সম্পন্ন করেছেন ৮ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার মসজিদটির কুরআন ও সুন্নাহ শিক্ষা বিভাগ প্রকাশিত বার্ষিক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে বছরজুড়ে এসব কার্যক্রমে দেশ-বিদেশের ৭১ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন।
রিপোর্টে বলা হয়, ২০২৫ সালে তাদের তত্ত্বাবধানে মোট ৮ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী পুরো কুরআন মুখস্থ সম্পন্ন করেছেন। প্রতিদিন গড়ে ৩৩ জন শিক্ষার্থী হিফজ শেষ করেন। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে এই শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত শিক্ষার্থীর সংখ্যা ৭১ হাজারের বেশি। এর মধ্যে ৪০ হাজার শিক্ষার্থী অনলাইন ও দূরশিক্ষণ প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াশোনা করছেন।
মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে প্রতিদিন তিন হাজারের বেশি শিক্ষাচক্র বা হালাকাহ পরিচালিত হয়। এসব ক্লাসে পাঠদান করছেন এক হাজার ৫০০-এর বেশি পুরুষ ও নারী শিক্ষক-শিক্ষিকা। কুরআন শিক্ষার পাশাপাশি সুন্নাহ ও ইসলামী বিভিন্ন গ্রন্থে জ্ঞান অর্জনের সনদ বা ইজাজা দেয়া হচ্ছে প্রতিদিন গড়ে ৭৩৫ জনকে। ২০২৫ সালে মোট এক লাখ ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী সুন্নাহ ও ইসলামী পাঠ্যগ্রন্থে ইজাজা পেয়েছেন। এ ছাড়া প্রায় ২৫ হাজার শিক্ষার্থী গুরুত্বপূর্ণ সুন্নাহ ও ইসলামী জ্ঞানবিষয়ক গ্রন্থ মুখস্থ সম্পন্ন করেছেন। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে প্রতিদিন ছয় হাজারের বেশি শিক্ষার্থীকে বিনা মূল্যে পরিবহন সুবিধা দেয়া হচ্ছে। বছরজুড়ে হজ ও ওমরাহ পালন করতে আসা ১২ লাখের বেশি হাজি ও মুসল্লিকেও শিক্ষা বিভাগের বিভিন্ন সেবার আওতায় আনা হয়েছে।