লিভারপুল পর্ব কি শেষ সালাহর
Printed Edition
ক্রীড়া ডেস্ক
মৌসুমের শুরুটা কি চমৎকারই না হয়েছিল লিভারপুলের। লিগের টানা ৫ ম্যাচে জয়। সে সাথে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে দারুণ সূচনা। অথচ সেই ইংলিশ ক্লাবই এখন ছন্দহীন। লিগে টানা ৪ ম্যাচ এবং সব মিলে ৭ ম্যাচের ৬টিতে হারের লজ্জ্বা। একে তো তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ খেলতে পারছেন না। টানা তিন ম্যাচে তার আশ্রয় সাইড বেঞ্চে। তার ওপর দলের বাজে পারফরম্যান্স। এতে চাপে পড়ে গেছেন আর্নে স্লট। এখন তাকে ছাঁটাই করার স্লোগান শুরু হয়েছে লিভারপুলের গ্যালারিতে। আগামী কয়েক ম্যাচে লিভারপুল যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে হয়তো বিদায় ঘণ্টা বাজবে স্লটের। এরই মধ্যে গত রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে সালাহকে স্কোয়াডেই রাখেননি স্লট। তাহলে কি লিভারপুল পর্ব শেষ হয়ে যাচ্ছে মিসরীয় এই তারকার।
দলের বাজে পারফরম্যান্সের সাথে মিসরীয় তারকা ফুটবলার সালাহের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না কোচ স্লটের। তিনি মাঠে নামাচ্ছেন না সালাহকে। এজন্য অবশ্য সালাহর পারফরম্যান্সও দায়ী। এবার নিজেকে সেভাবে মেলে ধরতেই পারছেন না। গত মৌসুমে লিভারপুলকে লিগ চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে অসামান্য অবদান ছিল তার। ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন। তবে এবার তার পারফম্যান্স হতাশাজনক। এবার ১৯ ম্যাচে মাত্র ৫ গোল তার। যা একেবারেই বেমানান তার জন্য। এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় যদি গোল না পান তাহলে দলতো ডুববেই। সঙ্গতকারণেই একাদশে জায়গা হারিয়ে আশ্রয় সাইড বেঞ্চে।
শুধু সালাহই নয়। নিউ ক্যাসেল থেকে আসা ইসকও নেই ফর্মে। ১৩ ম্যাচে তার করা গোল দু’টি। আর জার্মান লিগে লেভারকুজেনকে চ্যাম্পিয়ন করানো ভির্টৎসের অবস্থা আরো করুন। ১৯ ম্যাচে কোনো গোলই নেই তার।