বিএলডিপি বিলুপ্ত
বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন। বিএনপি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপিতে যোগদান করে শাহাদাত হোসেন সেলিম বলেন, ছাত্রদল দিয়েই আমার রাজনীতির সূত্রপাত। পরে চট্টগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। তিনি বলেন, ‘কোনো একসময় কিছু পরিস্থিতির কারণে দল ছাড়তে হলেও হৃদয়ে সবসময় বিএনপিকেই ধারণ করেছি। ২০১২ সাল থেকে বিএনপির সঙ্গেই প্রত্যক্ষভাবে রাজনীতি করে আসছি।’ বিএলডিপি থেকে বিএনপিতে যোগ দেয়া নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে আমরা একসাথে রাজপথে ছিলাম। আন্দোলনের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটেছে।’ তিনি আরো বলেন, ‘আসন্ন নির্বাচনে শাহাদাত সেলিমকে ধানের শীষের মার্কায় মনোনয়ন দলের পক্ষ থেকে দেয়া হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানাই।’
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, শাহাদাত হোসেন সেলিম দীর্ঘদিন বিএনপির সাথে থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ১২ দলীয় জোটের অংশ হিসেবে আন্দোলনে তার সক্রিয় ভূমিকা স্মরণ করেন তিনি। লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে তিনি সেলিমকে ধন্যবাদ জানান।
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, শাহাদাত হোসেন সেলিম পূর্বে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম মহাসচিব এবং ছাত্রদলের দায়িত্ব পালন করেছেন। তিনি আবার বিএনপিতে ফিরে আসায় সংগঠন আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।