চরভদ্রাসন উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনে অতিরিক্ত ফি আদায়
Printed Edition
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদন করতে এসে দীর্ঘ দিন ধরে সাধারণ সেবা গ্রহণকারীদের কাছ থেকে নির্ধারিত চার্জের অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, এমন অভিযোগ উঠেছে সেবাপ্রার্থীদের কাছ থেকে। এতে অতিরিক্ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
ভুক্তভোগীরা জানান, ‘সরকার নির্ধারিত ফি’ তালিকা অফিসের দেয়ালে টানানো থাকলেও বাস্তবে দলিল নিবন্ধনের সময় বাড়তি টাকা ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। অভিযোগ রয়েছে, নামজারি, হস্তান্তর, উপহার ও অন্য দলিল নিবন্ধনে নিয়মিতভাবেই অতিরিক্ত অর্থ দাবি করা হয়। কেউ আপত্তি জানালে কাজ বিলম্বিত করার জন্য নানা অজুহাত দেখানো হয়। এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি ফি পাঁচ-ছয় হাজার টাকার কথা থাকলেও আমাদের কাছ থেকে ১০-১২ হাজার টাকা নেয়া হয়।
এ বিষয়ে স্থানীয় সুশীলসমাজের প্রতিনিধিরা বলেন, সরকার ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করলেও মাঠপর্যায়ে অনিয়ম-দুর্নীতি বন্ধ না হওয়ায় সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না। তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ দিকে সাবরেজিস্ট্রি অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে জানান, সরকারি ফি অনুযায়ীই টাকা নেয়া হয়। কেউ ইচ্ছাকৃতভাবে বাড়তি দাবি করলে সেটি তার ব্যক্তিগত ব্যাপার। অফিসের সাথে এর সম্পর্ক নেই।
তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাবে না বলেও তিনি উল্লেখ করেন। জানা গেছে, উপজেলা প্রশাসন অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়রা দ্রুত অনিয়ম বন্ধ করে সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।