খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিএডিসির সার ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
Printed Edition
বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশের কৃষি ও কৃষকের উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ১৯৬১ সালের ১৬ অক্টোবর একটি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের কৃষিতে আমূল পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বীজ, সেচ ও সার- এই তিনটি মৌলিক কৃষি উপকরণ নিয়ে কাজ করে বিএডিসি, যার মাধ্যমে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে।
ফসল উৎপাদনে সার একটি অপরিহার্য উপাদান। এ বাস্তবতা বিবেচনায় ১৯৬২-৬৩ অর্থবছরে মাত্র ৫০ হাজার মেট্রিক টন সার সংগ্রহ ও বিতরণের মাধ্যমে বিএডিসির সার ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রম শুরু হয়। সময়ের সাথে সাথে এ কার্যক্রমের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। আধুনিক কৃষি ও সবুজ বিপ্লব বিষয়ে সে সময়কার সমাজে বিরাজমান নেতিবাচক ধারণা ভাঙতেও বিএডিসির ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
বাংলাদেশের কৃষি সাংবাদিকতার অগ্রদূত একুশে পদকপ্রাপ্ত শাইখ সিরাজ ১৮ ডিসেম্বর ২০২১ সালে বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে বিএডিসিকে দেশের আধুনিক কৃষির পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, সরকারের সহায়ক নীতি ও বিএডিসির সেচ অবকাঠামো, বীজ উৎপাদন ও সার বিতরণ কার্যক্রমই আজকের কৃষি সাফল্যের ভিত্তি।
প্রতিষ্ঠালগ্ন থেকে ১৯৯১-৯২ অর্থবছর পর্যন্ত সরকারি পর্যায়ে সার বিতরণ কার্যক্রম পরিচালনার পর ২০০৬-০৭ অর্থবছর থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিএডিসি আবার সীমিত আকারে নন-ইউরিয়া (টিএসপি ও এমওপি) সার আমদানি ও বিতরণ শুরু করে। এর ইতিবাচক ফলাফল বিবেচনায় ২০১০-১১ অর্থবছর থেকে ডিএপি সার আমদানি ও বিতরণের দায়িত্বও বিএডিসির ওপর ন্যস্ত করা হয়।
সার আমদানি, খালাস, সংরক্ষণ, পরিবহণ ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে সারা দেশে ট্যাগ অফিসার নিয়োগ, স্পেশাল টাস্কফোর্স গঠন এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করা হচ্ছে। আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে পুরো প্রক্রিয়াটি আরো কার্যকর ও স্বচ্ছ হয়েছে।
বর্তমানে সারা দেশে ১৪১টি সার সংরক্ষণাগারে দুই লাখ ৭৬ হাজার ৬৩৩ মেট্রিক টন ধারণক্ষমতায় সার সংরক্ষণ ও বিতরণ করা হচ্ছে। একই সাথে গুদাম সংস্কার ও নতুন সংরক্ষণাগার নির্মাণের মাধ্যমে মজুদ সক্ষমতা বাড়ানো হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে বিএডিসি মোট ১৮.৫৬ লাখ মেট্রিক টন নন-ইউরিয়া সার আমদানি করেছে। মানসম্পন্ন, ভেজালমুক্ত ও ভর্তুকিমূল্যে সার সরবরাহের মাধ্যমে বিএডিসি কৃষকদের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
সীমিত জনবল নিয়ে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে বিএডিসি দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কৃষকবান্ধব এই প্রতিষ্ঠান সরকার অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি।