চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেছেন, প্রতিবেশী একটি রাষ্ট্র আমাদের বন্ধু দাবি করে। তারা কেবলমাত্র পহেলা বৈশাখের আগে যখন ইলিশ মাছ খাওয়া যায় তখন আমাদের বন্ধু হয়। তারা চায় বাংলাদেশের মেধাবী মানুষ, সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের কাছে মাথা নত করুক এবং গোলামির শৃঙ্খলে আবদ্ধ থাকুক।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর বাগাতিপাড়া উপজেলার চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারাক্কা বাঁধের প্রসঙ্গ টেনে রনি বলেন, যখন দেশে বন্যা বা অতিবৃষ্টি থাকে না, তখন হঠাৎ করে বাঁধের পানি ছেড়ে দিয়ে বিস্তীর্ণ জনপদ প্লাবিত করা হয়। আবার যখন সেচের জন্য পানির প্রয়োজন হয় এবং দেশের নদ-নদী শুকিয়ে যেতে থাকে, তখন উজানে বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয়।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। এই সম্প্রীতির বন্ধনই বাঙালি জাতিকে শক্তিশালী জাতিতে পরিণত করেছে। এ জাতির ঐক্য ও শক্তির কাছে শুধু পার্শ্ববর্তী রাষ্ট্র নয়, বিশ্বের পরাশক্তিরাও পরাজিত হতে বাধ্য।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে চাকসু ভিপি বলেন, ইসলাম কখনো কঠোর নীতিতে বিশ্বাসী নয়, বরং মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দেয়। পোশাকের শালীনতা বজায় রেখে নারীরা দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল, সম্মাননা স্মারক, বই ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাগাতিপাড়া উপজেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ শাহিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন এবং জেলা ছাত্রশিবির সভাপতি আবু সাঈদ রনি সহ লালপুর উপজেলা শিবিরের দায়িত্বশীলরা।