পারিবারিক কারণ দেখিয়ে অব্যাহতির আবেদন ডিএমপি কমিশনারের
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী। গতকাল দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দফতরে পাঠিয়েছেন তিনি।
২০২৪ সালের ২১ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার নিয়েছিলেন শেখ মো: সাজ্জাত আলী। চব্বিশের ৫ আগস্ট রাজধানীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে তিনি পেশাদারিত্ব ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুনাম অর্জন করেন।
শেখ মো: সাজ্জাত আলী ১৯৮৬ সালে ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন আরম্ভ করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন। উপপুলিশ কমিশনার হিসেবে তিনি ডিএমপি, পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় এবং খুলনায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি পদে পদোন্নতির পর হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে ৩ নভেম্বর তাকে বাধ্যতামূলক অবসর দেয়ার সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিগত অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। সাজ্জাত আলী জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে অংশ এবং দেশে-বিদেশে পেশাগত নানা প্রশিক্ষণে অংশ নেন। ১৯৬১ সালের ২৫ মার্চ ঢাকা জেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ ওয়েজেদ আলী এবং মা মিসেস নুরজাহান বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই মেয়ে ও এক ছেলের জনক।