দর্শকসারিতে প্রধানমন্ত্রীর পবিবারের সাথে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস
Printed Edition
বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। এদের মধ্যে রয়েছেন- প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও। ছিলেন সাবেক আইনমন্ত্রী ড.আসিফ নজরুল।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চার পাশের দর্শক গ্যালারিগুলোতে উপস্থিত হন আমন্ত্রিত অতিথিরা।
প্রথম দর্শকসারিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস; তার পাশে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, জুবাইদা রহমান ও জাইমা রহমানের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দেখা যায়।
ভিভিআইপি লাউঞ্জে ডান পাশের গ্যালারিতে আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দবানু, বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দু।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর প্রতিরা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রমুখ।
ভিভিআইপি লাউঞ্জে বাম পাশের গ্যালারিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
এ ছাড়া চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ গোলাম নাফিজকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক নুর মুহাম্মদও গ্যালারিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশনে বিশিষ্ট নাগরিক, কূটনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস প্রথম অধিবেশনে প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থান করে প্রথম বিরতির পর সংসদ থেকে চলে যান।