অভিযানের পর বগুড়ায় ফুটপাথ দখলমুক্ত

Printed Edition

বগুড়া অফিস

বগুড়া সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের পর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাথ অনেকটাই দখলমুক্ত হয়েছে। এতে দীর্ঘদিনের যানজট কমে আসায় নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

উত্তরের অন্যতম ব্যস্ত শহর বগুড়ার সাতমাথা জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে হকারদের দখলে থাকা ফুটপাথ ও সড়কের কারণে তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি মানুষের সময় ও কর্মঘণ্টা নষ্ট হতো। বিভিন্ন সময়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযান চালালেও স্থায়ীভাবে দখলমুক্ত রাখা সম্ভব হয়নি।

চার মাস আগে বগুড়া পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়। সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের নির্দেশে সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোছা: পপি খাতুনের নেতৃত্বে এবং মার্কেট ও হাটবাজার পরিদর্শক আব্দুল হাইয়ের সমন্বয়ে গত ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত সাতমাথা ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অবৈধভাবে দখল করা মালামাল জব্দ করা হয় এবং ১৩টি মামলা দায়ের করা হয়। এ সময় ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ফুটপাথ পুনরায় দখলমুক্ত রাখতে সিটি করপোরেশন সংশ্লিষ্ট এলাকায় ৫০ জন স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে। তারা নিয়মিত তদারকি করছেন এবং নতুন করে কেউ ফুটপাথ দখলের চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। ফলে পথচারীরা নির্বিঘেœ ফুটপাথ ব্যবহার করতে পারছেন এবং যানবাহন চলাচলও স্বাভাবিক হয়েছে।

এ দিকে উচ্ছেদ হওয়া হকাররা পুনর্বাসনের দাবিতে সম্প্রতি নগর ভবনে গিয়ে প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়া হয়।

সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ‘যানজট নিরসনে ফুটপাথ দখলমুক্ত রাখতে আমরা কাজ করছি। অভিযানের সুফল ইতোমধ্যে নগরবাসী পাচ্ছেন। হকারদের পুনর্বাসনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। নগরীকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।’