সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের বেশি পরিসংখ্যান দেখাচ্ছে

Printed Edition

সংসদ প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হয়েছে, সেটা ডাটাসহ ক্রাইম রিপোর্টসহ গত পরশু খাতওয়ারি বর্ণনা সংসদে দিয়েছিলাম। তার মধ্যে বিগত ১০ থেকে ১৫ বছর এবং বিশেষভাবে ২০২৫ সালের রেফারেন্সসহ আমি ডাটাগুলো উল্লেখ করেছিলাম। সেখানে খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, ডাকাতির সংখ্যা মাসভিত্তিক দিয়েছিলাম। তাতে বর্তমান সরকার দায়িত্বে আসার পর থেকে এ পর্যন্ত সব ডাটায় আমরা ঐতিহাসিকভাবে এগিয়ে আছি, মানে উন্নতি হয়েছে।

তিনি বলেন, তবে আমরা আমরা একটু পিছিয়ে আছি, সেটা হলো ধর্ষণের কেস রেকর্ডের ক্ষেত্রে। আমরা একটু বেশি ধর্ষণের চিত্রটা পেয়েছি। তার একটা কারণ আছে। আগে ধর্ষিতারা রেকর্ড করতে যেত না বা থানায় যেতে পারত না সামাজিক বা রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে। এখন থানায় গেলেই অথবা অনলাইনে তারা জিডিসহ অন্যান্য অভিযোগ করতে পারে, এখানে কোনো হস্তক্ষেপ নেই। এই কারণে সংখ্যাটা একটু বেড়েছে। তবে সুখের কথা হলো ধর্ষণ যেখানেই হোক, শিশু হোক, নারী হোক, যে অবস্থাতেই হোক, তাৎক্ষণিকভাবে সেটা পুলিশ বিভাগ থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে।

গতকাল জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগামী অর্থবছরের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি এ কথা বলেন। এর আগে ছাঁটাই প্রস্তাবের পক্ষে কথা বলতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদস্য রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালন ও উন্নয়ন ব্যয় চেয়েছে ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। আমি একটু বিনীতভাবে কয়েকটা পরিসংখ্যানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মার্চ ও এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড হয়েছে ৬০৫টি। অন্যান্য অপরাধের মধ্যে ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ, ২,২১৪টি চুরির ঘটনা, ১২৯টি পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন দুই মাসে ৩,৪৯৬টি নথিভুক্ত করা হয়েছে এবং সারা দেশে প্রতিদিনে গড়ে ১০টির বেশি খুনের ঘটনা ঘটছে। এই যখন আমাদের নিরাপত্তা অবস্থা, এই যখন আমাদের আইনশৃঙ্খলার অবস্থা, তখন আমরা এই মন্ত্রণালয়ের জন্য দাবি তুলছি ৩১ হাজার ৯৮ কোটি টাকা! মাননীয় স্পিকার, পাশের থেকে আমার একজন সহকর্মী বলছেন, এটা আরো বেশি হওয়া উচিত। পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া হয় বা এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেয়া হয় তাহলে ভালো হয়। তারপরেও কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের, আমরা জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন, সারা দেশ মুগ্ধ হয়ে শোনে। আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি। কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন তাহলে আর এটি ছাঁটাই করে ১ টাকা করার প্রস্তাব আমি রাখতাম না।