গ্যাস সঙ্কটে সিএনজি চালকদের অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

Printed Edition

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহে দীর্ঘদিনের গ্যাস সরবরাহ সঙ্কটের প্রতিবাদে সিএনজিচালিত অটোরিকশা চালকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার সকালে নগরীর দিগারকান্দা এলাকায় এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

সকাল সাড়ে ৯টার দিকে শতাধিক সিএনজি চালক মহাসড়ক অবরোধ করে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, কয়েক দিন ধরে জেলার অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সঙ্কট চলছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও অনেক চালক গ্যাস সংগ্রহ করতে পারছেন না। ফলে যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে এবং আয়-রোজগার কমে যাওয়ায় তারা আর্থিক সঙ্কটে পড়েছেন।

চালক মোজাম্মেল হক বলেন, ‘গ্যাস না থাকলে আমরা গাড়ি চালাব কিভাবে? সারাদিন লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

কোতোয়ালি মডেল থানার ওসি শিব্বিরুল আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।