সচিবালয় অভিমুখে লংমার্চ করবে কর্মচারী সমন্বয় পরিষদ

জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আগামী জানুয়ারি থেকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ পাঁচ দাবিতে ৬ ডিসেম্বর জাতীয় সমাবেশ এবং জানুয়ারির তৃতীয় সপ্তাহে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

গতকাল রাজধানীর আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নীতিনির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ। তিনি বলেন, আজ ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টাকে আলটিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়ন করতে হবে। টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন ও সার্ভিস কমিশন গঠন করতে হবে। সকল অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে।

আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল করে শূন্য পদে রাজস্ব খাতে নিয়োগ, ব্লকপোস্টগুলোতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারা অনুযায়ী সকল দফতরে গণকর্মচারীদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আজমি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

আরো উপস্থতি ছিলেন মো: সেলিম ভূঞা, মো: রোকনুজ্জামান, রফিকুল ইসলাম মামুন, জিল্লুর রহমান খান, অহিদুর রহমান, কামাল হোসেন শিকদার প্রমুখ।